
লেবার সরকারবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে গেলে বছরে অন্তত ১০ লাখ পাউন্ড আয় হারানোর ক্ষতিপূরণ প্রয়োজন হবে বলে দলের জ্যেষ্ঠ নেতাদের জানিয়েছিলেন। এরপরই তিনি ক্রিপ্টোকারেন্সি খাতের ধনকুবের ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে ৫০ লাখ পাউন্ডের ব্যক্তিগত উপহার পান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসে রিফর্ম ইউকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে ফারাজ বলেন, এমপি নির্বাচনে অংশ নিলে তাকে তার লাভজনক সম্প্রচার ক্যারিয়ার থেকে সরে আসতে হতে পারে। সে সময় জিবি নিউজে উপস্থাপক হিসেবে তার বার্ষিক আয় ছিল ১০ লাখ পাউন্ডেরও বেশি। বৈঠকে তিনি বলেন, নির্বাচন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে "নিঃস্ব" হতে চান না এবং বহু বছর পর প্রথমবারের মতো তিনি "যথাযথ পারিশ্রমিক" পাচ্ছেন।
গার্ডিয়ানের দাবি, ওই আলোচনায় ফারাজ আরও বলেন, তিনি যদি আবার দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং ২০২৪ ও ২০২৯ সালের নির্বাচন সামনে রেখে সক্রিয় রাজনীতিতে ফেরেন, তাহলে দীর্ঘ সময়ের সম্ভাব্য আয় ক্ষতির জন্য প্রায় ৫০ লাখ পাউন্ড প্রয়োজন হবে। আলোচনায় নিরাপত্তা ব্যয়ের কোনো বিষয় উত্থাপিত হয়নি বলেও একাধিক সূত্র জানিয়েছে।
হারবোর্নের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ এপ্রিল এই ৫০ লাখ পাউন্ডের উপহার দেওয়া হয়। তবে আর্থিক খাতের সূত্রগুলো জানিয়েছে, অর্থের একটি অংশ মে মাসের শেষ দিকে ফারাজের হাতে পৌঁছায়। এর কয়েক দিনের মধ্যেই, ৩ জুন, তিনি ক্ল্যাকটন আসন থেকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
এর আগে ফারাজ দাবি করেছিলেন, এই অর্থ ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও শর্তহীন উপহার। তিনি বিভিন্ন সময়ে বলেছেন, অর্থটি মূলত তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছিল। পরে আবার এটিকে ব্রেক্সিট আন্দোলনে তার ভূমিকার "পুরস্কার" বলেও উল্লেখ করেন। এমনকি তিনি মন্তব্য করেছিলেন, এই অর্থ দিয়ে তিনি চাইলে "ফেরারি কিনতেও পারেন" এবং এটি কীভাবে ব্যয় করবেন, তা অন্য কারও বিষয় নয়।
ফারাজ বরাবরই অস্বীকার করে আসছেন যে তিনি কোনো নিয়ম ভঙ্গ করেছেন। তার দাবি, উপহার গ্রহণের সময় তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তাই এটি ঘোষণা করার বাধ্যবাধকতা ছিল না।
তবে গার্ডিয়ানের নতুন তথ্য তার সেই ব্যাখ্যা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। কারণ উপহার পাওয়ার আগে থেকেই তিনি রিফর্ম ইউকের সম্মানসূচক সভাপতি ও সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ছিলেন এবং দলের পক্ষে নিয়মিত প্রচারণা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
ফারাজের বিরুদ্ধে এই ৫০ লাখ পাউন্ড উপহার যথাযথভাবে ঘোষণা না করার অভিযোগে পার্লামেন্টের মানদণ্ড তদারকি সংস্থা তদন্ত শুরু করলেও, ক্ল্যাকটনের উপনির্বাচনের কারণে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উপনির্বাচন শেষে তদন্ত পুনরায় শুরু হবে এবং চলতি বছরের শরতে এর ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গার্ডিয়ানের প্রশ্নের জবাবে ফারাজের কার্যালয় তার বক্তব্য অস্বীকার করেনি। বরং এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, "মি. ফারাজ মনে করেন, তিনি যা-ই বলুন না কেন, তা সঠিকভাবে উপস্থাপন করা হবে না।"
অন্যদিকে, ক্রিস্টোফার হারবোর্নের আইনজীবীরা আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, এই উপহার ছিল সম্পূর্ণ নিঃশর্ত এবং এর বিনিময়ে তারা কোনো কিছু প্রত্যাশা করেননি। তাদের দাবি, সে সময় হারবোর্নের ধারণা ছিল না যে ফারাজ আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন।
বর্তমানে এমপি হওয়ার পরও ফারাজ জিবি নিউজে উপস্থাপনা চালিয়ে যাচ্ছেন, যদিও আগের তুলনায় কম সময় দিচ্ছেন। পার্লামেন্টে জমা দেওয়া আর্থিক স্বার্থের নিবন্ধন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে মাত্র ১২ ঘণ্টা কাজ করে তিনি ৪০ হাজার ৬৬২ পাউন্ড এবং জুন মাসে ৬ ঘণ্টা কাজ করে ১৮ হাজার ৪০২ পাউন্ড আয় করেছেন। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে চ্যানেলটি থেকে প্রতি ঘণ্টায় তার গড় আয় ৩ হাজার পাউন্ডেরও বেশি।