লন্ডন

লন্ডনের দুই মসজিদে হামলার পরিকল্পনা: ১৪ বছরের কিশোর অভিযুক্ত

16055_3437ab90-9fc6-11f0-9657-87c2ccf2abb3 Medium.jpeg

লন্ডনের দুটি মসজিদে হামলার কথিত পরিকল্পনার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ গঠন করেছে যুক্তরাজ্যের পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাটি চরম ডানপন্থী উগ্রবাদের (Extreme Right-Wing Terrorism) সঙ্গে সংশ্লিষ্ট বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লন্ডনের একটি ঠিকানায় একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে কিশোরটিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে ওই ঠিকানায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা "উদ্বেগজনক" বেশ কয়েকটি নথি উদ্ধার করেন। এসব নথি পর্যালোচনার পর ধারণা করা হয়, সে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, কিশোরটির বিরুদ্ধে ৯ জুলাই বা তার আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ২০ জুন বা তার আগে সাটন এলাকায় একটি গাড়ির জানালা ভাঙচুরের মাধ্যমে বর্ণবিদ্বেষমূলক উদ্দেশ্যে সম্পত্তির ক্ষতি করার অভিযোগও তার বিরুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাউন্টার টেররিজম পুলিশিং (সিটিপি) লন্ডনের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, এত অল্প বয়সী একজন কিশোরের বিরুদ্ধে এমন গুরুতর সন্ত্রাসবাদের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য এই ঘটনা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্তে শিশু ও কিশোরদের সম্পৃক্ততার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

পুলিশ জানিয়েছে, যেসব মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। এছাড়া গাড়ি ভাঙচুরের ঘটনার ভুক্তভোগীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে, কাউন্টার টেররিজম পুলিশিং ইউনিটের সঙ্গে যৌথভাবে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সর্বাধিক পঠিত


ভিডিও