বিশেষ খবর


নিজেদের মধ্যে সংঘর্ষে মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

16280_Three-Bangladeshis-killed-b7d163.jpg

মালয়েশিয়ায় একইস্থানে থাকা বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষে তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগারি সেম্বিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে সোমবার (৩ আগস্ট) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নেগরি সিমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল মঙ্গলবার (৪ আগস্ট) এই খবর জানিয়েছে।

নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সি এক মালয়েশিয়ানকে আটক করেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পায়। তবে পুলিশের পক্ষ থেকে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। পরে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পাওয়ায় ওই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন আহত হয়ে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আলজাফনি আহমদ বলেন, মারামরির ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন। তারা এক জায়গায় কাজ করতেন, একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আটক সন্দেহভাজন স্থানীয় ঐ ব্যক্তির বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক কর্মকান্দের রেকর্ড নেই। পুলিশ বলেছে, তাকে রিমান্ডে নিতে আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও