আন্তর্জাতিক

বুকের দুধ খেয়ে শিশুর মৃত্যু, মায়ের গুগল সার্চে মিলল চাঞ্চল্যকর তথ্য!

16344_090.jpg

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে মাত্র তিন সপ্তাহ বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় মেথামফেটামিনের বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর আগে মা মেথ সেবন করেছিলেন বলে অভিযোগ। এ ঘটনায় শিশুটির মা জেসি লি কিটেলসন ও টেলর জে ওলসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে মাত্র তিন সপ্তাহ বয়সী এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযোগ, শিশুটির মা গর্ভাবস্থায় নিয়মিত মেথামফেটামিন সেবন করতেন এবং মৃত্যুর কয়েক দিন আগে মেথ সেবনের পর শিশুটিকে বুকের দুধ খাওয়ান। পরে ময়নাতদন্তে শিশুটির শরীরে মেথামফেটামিনের বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী জেসি লি কিটেলসন এবং ২৬ বছর বয়সী টেলর জে ওলসনের বিরুদ্ধে প্রথম-ডিগ্রির রেকলেস হোমিসাইড বা চরম অবহেলার মাধ্যমে মৃত্যু ঘটানো, শিশুর দীর্ঘমেয়াদি অবহেলার কারণে মৃত্যু এবং মেথামফেটামিন রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ মার্চ উইসকনসিনের ট্রিমবেল শহরের একটি বাড়িতে তিন সপ্তাহ বয়সী একটি শিশু শ্বাস নিচ্ছে না, এমন খবর পেয়ে পিয়ার্স কাউন্টি শেরিফের কর্মকর্তারা সেখানে যান। ঘটনাস্থলে গিয়ে তারা শিশুটিকে ফ্যাকাশে ও নীলচে অবস্থায় দেখতে পান। তার মুখ ও নাকের চারপাশে কালচে একটি পদার্থও দেখা যায়।

পুলিশের অভিযোগ অনুযায়ী, কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করার সময় শিশুটির কোনো পালস ছিল না এবং সে শ্বাসও নিচ্ছিল না। দ্রুত জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জিজ্ঞাসাবাদে শিশুটির মা কিটেলসন মেথামফেটামিন ব্যবহারের কথা স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে। তিনি জানান, পুরো গর্ভাবস্থাজুড়েই তিনি মেথ ব্যবহার করেছেন এবং শিশুটির মৃত্যুর তিন দিন আগেও মেথ সেবন করেছিলেন।

তবে কিটেলসনের দাবি ছিল, শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে তিনি ৪৮ ঘণ্টা নিজের দুধ পাম্প করে ফেলে দিয়েছিলেন। এরপর যখন তিনি মাদকমুক্ত ছিলেন, তখন সংরক্ষণ করে রাখা বুকের দুধ দিয়ে শিশুটিকে খাওয়ান বলে পুলিশকে জানান তিনি।

শিশুটি কীভাবে মেথামফেটামিনের সংস্পর্শে এলো, তা নিয়ে কিটেলসন বিভ্রান্তি প্রকাশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তদন্তে তার একটি গুগল সার্চ পুলিশের নজরে আসে। আদালতের নথি অনুযায়ী, তিনি মেথামফেটামিন বুকের দুধে কতক্ষণ থাকে, সে বিষয়ে অনলাইনে অনুসন্ধান করেছিলেন।

অন্যদিকে, টেলর জে ওলসন মেথামফেটামিন সংগ্রহ করে কিটেলসনকে সরবরাহ করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে অভিযোগ রয়েছে।

পরে করা ময়নাতদন্তে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে মেথামফেটামিনের বিষক্রিয়া চিহ্নিত করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

জেসি লি কিটেলসন ও টেলর জে ওলসনের আগামী ২ সেপ্টেম্বর আদালতে প্রাথমিক শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে।

গর্ভাবস্থা ও বুকের দুধে মাদক সেবনের ঝুঁকি

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে মেথামফেটামিন একটি অত্যন্ত শক্তিশালী ও আসক্তিকর মাদক। গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময়ে এ ধরনের মাদক গ্রহণ মা ও শিশুর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তবে এই মামলায় শিশুটির শরীরে মেথামফেটামিনের উপস্থিতি ও মৃত্যুর কারণ নির্ধারণ করেছে ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত


ভিডিও