
রিপোর্ট, মিনহাজ হোসেন: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নতুন প্রজন্মের ক্রুজ স্টার মোজারের ইতালি আগমন উপলক্ষে বৃহত্তর সিলেটের অন্যতম সামাজিক ও প্রবাসী সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরিফ আহমেদ আরিফিনের সভাপতিত্বে ও সদস্য মিনহাজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অলি উদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আইন ও ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মো: হৃদয় মনির, সিনিয়র সাংবাদিক আমির হোসেন লিটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী রনি আহমেদ, মোজাম্মেল হোসেন মোল্লা, বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল, সাংবাদিক ওয়াহিদুজ্জামান দীপু, দেশি ইভেন্ট এবিজেন এর কর্ণধার হোসাইন মোয়াজ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেল সহ ইতালিপ্রবাসী বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথি শিল্পী মোজারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি, নতুন প্রজন্মের শিল্পীদের সম্ভাবনা এবং প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীতের প্রসার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরতে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
কণ্ঠশিল্পী মোজার তার ইতালি সফর এবং প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলা গান ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যর মধ্যে তিনি জানালেন এবার এই প্রথম ইউরোপ সফরে তার জন্মদিন উদযাপন করবেন। একই সঙ্গে প্রবাসী দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পীদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।
পরে অতিথি শিল্পী মোজারসহ উপস্থিত সবার অংশগ্রহণে নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।