
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার গণভোটের রায় অস্বীকার করেছে। এর ফলে তাদের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।’
তিনি বললেন, ‘প্রবাসীরা বিপুলসংখ্যায় ১১-দলীয় জোটকে ভোট দেওয়ায় সরকার তাদের ভয় পাচ্ছে। আমরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকারের দাবি করছি।’
জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলছিলেন, ‘জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তন কারও উদ্দেশ্য ছিল না। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না।’
তার ভাষ্য, ‘অর্থনীতিকে ফ্যাসিবাদের আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দরকার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।