যুক্তরাজ্য

MSE
১৭ আগস্ট ২০২৬, ১২:০৮
আরও খবর

টেসকো ক্লাবকার্ডে আপনার টাকা পড়ে নেই তো? £১১ মিলিয়ন ভাউচারের মেয়াদ এ মাসেই শেষ

16413_hero-news-clubcard-2.jpeg

টেসকোর ক্লাবকার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রায় ১ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের ক্লাবকার্ড ভাউচার চলতি মাসেই মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে। এসব ভাউচার ব্যবহার বা মেয়াদ বাড়ানোর ব্যবস্থা না করলে আগামী ৩১ আগস্ট সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের পর সেগুলো আর ব্যবহার করা যাবে না।

তাই যাদের টেসকো ক্লাবকার্ড রয়েছে, তাদের এখনই নিজেদের অ্যাকাউন্টে থাকা ভাউচারগুলো পরীক্ষা করে দেখা উচিত। বিশেষ করে অনেকেই হয়তো আগের কেনাকাটা থেকে পাওয়া ভাউচার ভুলে গেছেন বা কাগজের ভাউচার কোথায় রেখেছেন তা মনে নেই।

সাধারণ নিয়ম অনুযায়ী, টেসকো ক্লাবকার্ড ভাউচার ইস্যু হওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। তবে কিছু ক্ষেত্রে মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

আপনার ভাউচারের মেয়াদ জানতে টেসকোর ক্লাবকার্ড ওয়েবসাইটে গিয়ে ‘Clubcard account’ এবং এরপর ‘Vouchers’ বিভাগে যেতে হবে। এজন্য টেসকো ডটকমের অ্যাকাউন্টে নিবন্ধিত থাকা এবং নিজের ক্লাবকার্ড নম্বর জানা প্রয়োজন। কার্ডের পাশাপাশি ডিজিটাল ওয়ালেটে থাকা ক্লাবকার্ড বা ক্লাবকার্ডের কী-ফবেও এই নম্বর পাওয়া যায়। এরপর অ্যাকাউন্টে থাকা ভাউচারগুলোর তালিকা এবং প্রত্যেকটির মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখা যাবে।

টেসকোর অ্যাপ ব্যবহার করেও একই তথ্য পাওয়া যায়। অ্যাপ খুলে ‘Clubcard’ এবং এরপর ‘Vouchers’ বিভাগে গেলে আপনার কাছে থাকা ভাউচার ও সেগুলোর মেয়াদ দেখা যাবে। যাদের কাছে এখনো কাগজের ভাউচার রয়েছে, তারা সরাসরি ভাউচারের গায়েও মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিতে পারেন।

ভাউচার হাতে পাওয়ার পর সরাসরি টেসকোতে কেনাকাটায় ব্যবহার করলে এর মূল মূল্য অনুযায়ী ছাড় পাওয়া যায়। অর্থাৎ ৫ পাউন্ডের ভাউচার দিয়ে টেসকোতে ৫ পাউন্ডের কেনাকাটার মূল্য কমানো যাবে। তবে ক্লাবকার্ডের রিওয়ার্ড পার্টনারদের মাধ্যমে ব্যবহার করলে অনেক ক্ষেত্রে একই ভাউচারের মূল্য আরও বেশি হতে পারে।

বর্তমানে নির্দিষ্ট কিছু রিওয়ার্ড পার্টনারের ক্ষেত্রে ভাউচারের মূল্য দ্বিগুণ করা যায়। অর্থাৎ ৫ পাউন্ডের ভাউচার ব্যবহার করে ১০ পাউন্ড পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। আবার কিছু রেস্তোরাঁ চেইনে ভাউচারের মূল্য তিনগুণ পর্যন্ত হতে পারে। ৫ পাউন্ডের ভাউচার তখন ১৫ পাউন্ডের সুবিধা দিতে পারে। এসব পার্টনারের মধ্যে রয়েছে ASK Italian, Bella Italia, Frankie & Benny’s, Las Iguanas, PizzaExpress, Prezzo Italian এবং Zizzi। এছাড়া Alton Towers, Disney+ ও Hotels.com-সহ আরও বিভিন্ন পার্টনারে দ্বিগুণ মূল্য পাওয়ার সুযোগ রয়েছে।

তবে এখনই ভাউচার ব্যবহার করতে না চাইলে সেটির মেয়াদ বাড়ানোর একটি কৌশলও রয়েছে। টেসকোর ক্লাবকার্ড রিওয়ার্ডস পেজের মাধ্যমে ছোট অঙ্কের কোনো একটি কেনাকাটা করা অথবা সংশ্লিষ্ট অংশীদার কোনো দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার মাধ্যমে অব্যবহৃত অংশের ভাউচার ব্যালান্স আবার ক্লাবকার্ড অ্যাকাউন্টে ফেরত আসতে পারে।

উদাহরণ হিসেবে, ৫ পাউন্ডের একটি ভাউচার দিয়ে যদি ৫০ পেন্সের কোনো রিওয়ার্ড কেনা হয়, তাহলে বাকি ৪ পাউন্ড ৫০ পেন্স আবার ক্লাবকার্ড অ্যাকাউন্টে ফেরত পাওয়ার কথা। এরপর সেই পয়েন্ট থেকে নতুন ভাউচার নেওয়া যায় অথবা পরবর্তী স্টেটমেন্টের সময় স্বয়ংক্রিয়ভাবে ভাউচার ইস্যু হতে পারে। নতুন ভাউচারের মেয়াদ তখন সাধারণত আরও দুই বছর সামনে চলে যাবে।

তবে এই পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি। টেসকোর ক্লাবকার্ডের শর্ত অনুযায়ী, শুধু ভাউচারের মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে কেউ ইচ্ছাকৃতভাবে এই পদ্ধতি ব্যবহার করছে বলে মনে হলে টেসকো কোনো রিওয়ার্ড পার্টনার অর্ডার প্রত্যাখ্যান করার অধিকার রাখে। তবে ভোক্তা অধিকারবিষয়ক ওয়েবসাইট MoneySavingExpert-এর পরীক্ষায় সম্প্রতি এই পদ্ধতি কাজ করেছে বলে জানানো হয়েছে।

আরেকটি বিষয় হলো, প্রতিটি আলাদা ভাউচারের জন্য এই প্রক্রিয়া করতে হবে। তাই ১০ পাউন্ড বা তার বেশি মূল্যের ভাউচার হলে মেয়াদ বাড়ানোর চেষ্টা করা লাভজনক হতে পারে। কিন্তু একাধিক ১ পাউন্ডের ছোট ভাউচারের ক্ষেত্রে সময় ও ঝামেলার তুলনায় সুবিধা কতটা হবে, তা আগে হিসাব করে নেওয়া ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেসব ভাউচারের মেয়াদ ৩১ আগস্ট ২০২৬ শেষ হচ্ছে, সেগুলো ব্যবহার, রিওয়ার্ডে বদল বা মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে হবে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটের আগেই। নইলে প্রায় ১ কোটি ১০ লাখ পাউন্ডের এই ভাউচারগুলোর একটি অংশ গ্রাহকদের জন্য সম্পূর্ণ মূল্যহীন হয়ে যেতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও