
যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের একটি গাড়ির সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সময় আজ ভোর ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা ক্লিভল্যান্ড পুলিশের দুই কর্মকর্তা এবং একটি ভক্সওয়াগন পাসাট গাড়িতে থাকা পাঁচজন সাধারণ নাগরিক রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উভয় গাড়ির সব আরোহীকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাটটি এ৬৬ মহাসড়কে ভুল দিক দিয়ে চলছিল। বিপরীত দিক থেকে আসা গাড়িটি একই সড়কে সঠিক পথে চলা পুলিশের একটি চিহ্নিত গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলেন এবং সেটিকে অনুসরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের তদারকি সংস্থা।
নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কাজ এখনও চলছে। যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।
ঘটনার পর দুর্ঘটনার পরিস্থিতি ও এর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি তদন্ত শুরু করেছে। ক্লিভল্যান্ড পুলিশের পক্ষ থেকেও তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে তারা আইওপিসির সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।
ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কর্মকর্তা ভিক্টোরিয়া ফুলার বলেন, তদন্ত চলাকালে ঘটনাটি নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না করার জন্য সবার প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
রেডকার আসনের সংসদ সদস্য আনা টার্লি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত দুই পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছিলেন। তারা মানুষকে নিরাপদ রাখতে কর্মস্থলে গিয়েছিলেন, কিন্তু আর পরিবারের কাছে ফিরে আসতে পারেননি। তাদের মৃত্যু স্বজন, সহকর্মী এবং তারা যে সব সম্প্রদায়ের সেবা করতেন, সবার জন্য গভীর শোকের।
দুর্ঘটনার খবর পেয়ে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক এবং একটি বিশেষ ঝুঁকি মোকাবিলা দল ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেন।
নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, জরুরি বিভাগের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করলেও কয়েকজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করতে হয়। এমন মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা এবং দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করা সব জরুরি সেবাকর্মীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে।
রেডকার অ্যান্ড ক্লিভল্যান্ড বরো কাউন্সিলের কাউন্সিলর অ্যাডাম ব্রুকও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা জরুরি সেবাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে, তদন্ত চলায় দুর্ঘটনার সঠিক কারণ এবং পুলিশি তৎপরতার আগে কী ঘটেছিল, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।