যুক্তরাজ্য

BBC
২৪ আগস্ট ২০২৬, ১৭:০৮
আরও খবর

তীব্র গরমে আবারো লন্ডন বাসচালকদের ধর্মঘট

16470_6024c440-97f5-11f1-8170-33f7e8571fbe.jpg

তীব্র গরমে বাসের চালকের কেবিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার অভিযোগে ধর্মঘটে যাচ্ছেন উত্তর লন্ডন ও এসেক্সের প্রায় দেড় হাজার বাসচালক। কর্মপরিবেশ নিয়ে বিরোধের সমাধানে কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ধারাবাহিক ধর্মঘটের পথে এগিয়েছেন চালকরা।

ইউনাইটে ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার থেকে চার দিনের ধর্মঘট শুরু করবেন। এরপর আগামী কয়েক সপ্তাহেও কয়েক দফা ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মোট ১১টি দিনে ধর্মঘটের পরিকল্পনা রয়েছে।

ধর্মঘটের মূল দাবি, বাসের চালকের কেবিনে থাকা বর্তমান এয়ার-কুলিং ব্যবস্থা সরিয়ে পূর্ণাঙ্গ এয়ার কন্ডিশনিং ব্যবস্থা স্থাপন করতে হবে। চালকদের অভিযোগ, প্রচণ্ড গরমের সময় বাসের কেবিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এমন পরিস্থিতিতে কাজ করতে গিয়ে কয়েকজন চালক হিটস্ট্রোকে অসুস্থ হয়েছেন এবং কেউ কেউ গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকির মুখেও পড়েছেন বলে জানিয়েছে ইউনিয়নটি।

ইউনাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘটের আগে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আরিভা কর্তৃপক্ষ একটি প্রস্তাব দিয়েছিল। তবে আরিভা নর্থ লন্ডনে কর্মরত ইউনিয়ন সদস্যরা ভোটের মাধ্যমে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইউনিয়নের দাবি, প্রস্তাবটি গরম আবহাওয়ায় বাসচালকদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট নয়।

ইউনাইটের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেন, লন্ডনের বাসচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কিন্তু কর্মক্ষেত্রের এই ভয়াবহ গরম পরিস্থিতির কারণে তারা নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছেন। তাঁর দাবি, আরিভার এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্য রয়েছে এবং কর্মীরা গ্রহণ করতে পারেন—এমন একটি কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে আরিভা জানিয়েছে, কর্মী ও যাত্রীদের সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ধর্মঘটের সময় যাত্রীদের ওপর এর প্রভাব কমাতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নিশ্চিত করতে তারা ট্রান্সপোর্ট ফর লন্ডনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

লন্ডনের বাস পরিষেবা নিয়ন্ত্রক ট্রান্সপোর্ট ফর লন্ডনের বাস বিভাগের পরিচালক লর্না মারফি বলেন, লন্ডনের বাস নেটওয়ার্কে যেকোনো ধরনের বিঘ্ন যাত্রীদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ধর্মঘট চলাকালে যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে আরিভার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি যাত্রীদের আগেভাগে ভ্রমণের পরিকল্পনা করার, যাত্রার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার এবং বের হওয়ার আগে ট্রান্সপোর্ট ফর লন্ডনের ‘টিএফএল গো’ অ্যাপ বা ওয়েবসাইটে পরিষেবার সর্বশেষ তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাজ্যে চলতি গ্রীষ্মের পঞ্চম তাপপ্রবাহের মধ্যেই এই ধর্মঘট শুরু হচ্ছে। ফলে উত্তর লন্ডন ও এসেক্সের বাসযাত্রীদের জন্য গরমের সঙ্গে নতুন করে যাতায়াতের ভোগান্তিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও