যুক্তরাজ্য

BBC
২৪ আগস্ট ২০২৬, ১৭:০৮
আরও খবর

‘ফ্যারাজ ফেস্ট’ তদন্তে কাউন্সিল, আয়োজকদের হতে পারে জরিমানা বা জেল!

16471_80081ae0-9f9e-11f1-a83c-33ebef033ca4.jpg

যুক্তরাজ্যের রিফর্ম ইউকে নেতা নাইজেল ফ্যারাজের নির্বাচনী বিজয় উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত ‘ফ্যারাজ ফেস্ট’ নিয়ে তদন্ত শুরু করেছে টেন্ড্রিং ডিস্ট্রিক্ট কাউন্সিল। অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি; এমন অভিযোগের পর কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখছে।

ক্ল্যাকটন আসনের উপনির্বাচনে জয় পাওয়ার পর ফ্যারাজের জন্য আয়োজিত ওই রাতভর অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। গ্রেট ওকলি এয়ারফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে ছিল লাইভ মিউজিক, অ্যালকোহল এবং ফেরিস হুইলসহ বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানে নিজেও উপস্থিত ছিলেন ফ্যারাজ।

কাউন্সিল জানিয়েছে, অনুষ্ঠানটির জন্য ‘লেট টেম্পোরারি ইভেন্ট নোটিস’ বা এলটিইএন দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করায় সেটি প্রত্যাখ্যান করা হয়। নিয়ম অনুযায়ী, কোনো অনুষ্ঠানের অন্তত পাঁচ কর্মদিবস আগে এলটিইএনের জন্য আবেদন করতে হয়।

টেন্ড্রিং ডিস্ট্রিক্ট কাউন্সিলের আইন ও প্রশাসন বিভাগের করপোরেট ডিরেক্টর লিসা হেস্টিংস বলেন, ‘ফ্যারাজ ফেস্ট’-এর জন্য এলটিইএনের আওতায় কোনো অনুমোদন দেওয়া হয়নি।

তবে রিফর্ম ইউকে বলছে, অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত ও আমন্ত্রণভিত্তিক এবং এর জন্য এলটিইএন প্রয়োজন ছিল না। দলটির দাবি, তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবেদন করেছিল, কিন্তু ওই অনুমতির ওপর নির্ভর করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়নি। রিফর্ম ইউকে আরও জানিয়েছে, তাদের বিশ্বাস কোনো নিয়ম ভঙ্গ হয়নি এবং পুরো অনুষ্ঠান আইন মেনেই পরিচালিত হয়েছে।

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার ক্ল্যাকটন আসনের উপনির্বাচনে নাইজেল ফ্যারাজ ১২ হাজার ৭৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আবারও এমপি নির্বাচিত হন। নির্বাচনের ফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এর পরিবর্তে তিনি অংশ নেন তাঁর সমর্থকদের জন্য আয়োজিত আমন্ত্রণভিত্তিক ‘ফ্যারাজ ফেস্ট’-এ।

শুক্রবার ভোরে অনুষ্ঠানের মঞ্চে উঠে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে ফ্যারাজ বলেন, ‘ক্ল্যাকটনবারিতে স্বাগতম।’ পরে তিনি জানান, তিনি সারা রাত সেখানেই থাকবেন।

উপনির্বাচনে ফ্যারাজকে সমর্থন করে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা ক্ল্যাকটন এলাকার সমর্থকদের চিঠির মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে প্রবেশের জন্য তাদের ফি দিতে হলেও ক্যাম্পিং ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল বিনামূল্যে।

রিফর্ম ইউকের দাবি, অনুষ্ঠানটি ব্যক্তিগত হওয়ায় লাইসেন্সিং অ্যাক্ট ২০০৩-এর আওতায় এমন কোনো কার্যক্রম সেখানে হয়নি, যার জন্য অনুমোদন প্রয়োজন ছিল। তবে কাউন্সিলের তদন্তে যদি আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায় এবং কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্ত নেয়, তাহলে অনুষ্ঠানের আয়োজকদের জরিমানা এমনকি কারাদণ্ডের মুখেও পড়তে হতে পারে।

তদন্তের ফলাফল এবং কাউন্সিল পরবর্তী সময়ে আয়োজকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও