বিশেষ খবর


জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

16480_IMG_8863.jpeg

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬ জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে আকাশে থাকা অবস্থায় ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

পরে বিমানটি মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করলে অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, যাত্রীকে মাস্কাটে রেখে ফ্লাইট বিজি-১৩৬ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও