লন্ডন

ব্যাংক হলিডেতে বড় রেল ধর্মঘট, লন্ডনগামী যাত্রীদের জন্য জরুরি সতর্কতা!

16514_434.jpeg

ব্যাংক হলিডে উইকএন্ডে ধর্মঘটের কারণে লন্ডনের গুরুত্বপূর্ণ সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে ট্রেন চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যাত্রীদের সম্ভাব্য ব্যাপক ভোগান্তির বিষয়ে সতর্ক করেছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে (ইএমআর)। রোববার ৩০ আগস্ট ও সোমবার ৩১ আগস্ট ধর্মঘটের কারণে তাদের নির্ধারিত সূচিতে বড় ধরনের কাটছাঁট করা হবে।

নিরাপত্তা সংক্রান্ত বিরোধের জেরে রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন (আরএমটি)-এর সদস্যরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে লন্ডন সেন্ট প্যানক্রাস থেকে ইএমআরের ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নটিংহাম ও শেফিল্ড স্টেশনেও সীমিত সংখ্যক ট্রেন চলাচলের কারণে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতে পারে।

একই সময়ে ইস্ট কোস্ট মেইন লাইনে পূর্বনির্ধারিত রেলকাজের কারণে বাড়তি ভোগান্তির আশঙ্কা রয়েছে। সিগন্যালিং ব্যবস্থা উন্নয়নের কাজের জন্য রোববার লন্ডন কিংস ক্রস ও পিটারবরোর মধ্যে কোনো এলএনইআর ট্রেন চলবে না।

আরএমটির ধর্মঘটের মূল কারণ ইএমআরের নতুন ‘ক্লাস ৮১০ অরোরা’ ট্রেন নিয়ে নিরাপত্তা উদ্বেগ। জাপানের হিটাচি নির্মিত এসব ট্রেন গত বছরের ডিসেম্বর থেকে যাত্রীসেবা শুরু করে। তবে চালুর পর থেকেই ট্রেনগুলোর বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে।

ইউনিয়নের অভিযোগ, কয়েকটি ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করা, দরজায় ত্রুটি এবং টয়লেট অকেজো থাকার মতো সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত চালক ও রেলকর্মীদের ওই ট্রেনগুলোতে কাজ না করার নির্দেশ দিয়েছে আরএমটি।

ইএমআরের কাস্টমার এক্সপেরিয়েন্স ডিরেক্টর ফিলিপা ক্রেসওয়েল বলেন, ব্যাংক হলিডের পরিকল্পনায় এই বিঘ্ন যাত্রীদের জন্য কতটা হতাশাজনক হতে পারে, তারা তা বুঝতে পারছেন। চলতি মাসের শুরুতে আরএমটির ধর্মঘটের কারণে টানা তিন শনিবার যাত্রীরা সমস্যায় পড়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিরোধের বিষয়গুলো সমাধানে আরএমটির সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে এবং ইউনিয়নের সঙ্গে ইতোমধ্যে ছয়বার বৈঠক হয়েছে। তবে রোববার ৩০ আগস্ট ও সোমবার ৩১ আগস্ট লন্ডনে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের শুধু জরুরি প্রয়োজন থাকলেই ভ্রমণ করার পরামর্শ দিয়েছে ইএমআর।

যাত্রার আগে পুরো রুট, বিশেষ করে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি ভালোভাবে যাচাই করার জন্যও যাত্রীদের আহ্বান জানিয়েছে সংস্থাটি। স্কটল্যান্ড, উত্তর-পূর্ব ইংল্যান্ড ও ইয়র্কশায়ার থেকে লন্ডনে যাতায়াতকারী যেসব যাত্রী এখনো টিকিট কেনেননি এবং সাধারণত এলএনইআরের ট্রেনে ভ্রমণ করেন, তাদের এলএনইআরের দেওয়া ভ্রমণ নির্দেশনা অনুসরণ করে বিকল্প বাসসেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আরএমটির সাধারণ সম্পাদক এডি ডেম্পসি ইএমআর কর্তৃপক্ষের প্রতি ত্রুটিযুক্ত ক্লাস ৮১০ ট্রেনগুলো দ্রুত পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউনিয়নের সদস্যদের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগের বিষয়ে এখন ইএমআর ব্যবস্থাপনার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

ব্যাংক হলিডে উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিপুলসংখ্যক মানুষ লন্ডনে যাতায়াত করায় ধর্মঘট ও পূর্বনির্ধারিত রেলকাজ একসঙ্গে পড়ায় এবারের উইকএন্ডে রেলযাত্রায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত


ভিডিও