
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।
তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান।
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে।
পরে ওই তরুণীকে মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত করা হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটি নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।