
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব হয়েছে, কিন্তু নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন রুটের বাসে আগের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। কোথাও ৫ টাকা, কোথাও ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া দিতে না চাইলে বাসের চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডাও হচ্ছে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাজধানীর রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন রুটের বাসে যাতায়াতকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সায়েন্সল্যাব থেকে সাভার পরিবহনের একটি বাসে রায়সাহেব বাজারে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, “আগে ২০ টাকা ভাড়া দিলেও আজ ২৫ টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে বাসের স্টাফদের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটিও হয়।” এই যাত্রী বলেন, “ভাড়া বাড়ানোর সিদ্ধান্তই এখনো হয়নি। তার আগেই বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। আমাদের মতো সাধারণ যাত্রীদের ওপরই এর চাপ পড়ছে।”
নতুন বাজার থেকে ভিক্টর পরিবহনের একটি বাসে গুলিস্তানে আসেন আফতাব আহমেদ। তার কাছ থেকে ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে বলে জানান তিনি। আফতাব আহমেদ বলেন, “কিছুদিন পরপর জ্বালানি তেলের দাম বাড়ে। আর এর চাপ এসে পড়ে আমাদের ওপর। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে নিয়ম মেনে বাড়ানো হোক। কিন্তু সিদ্ধান্তের আগেই বেশি টাকা নেওয়া ঠিক নয়।”
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ভাড়া সমন্বয় কমিটির বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে, এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জি আর শহীদ জানান, মালিকপক্ষ এখনো নতুন ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিআরটিএ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়ার তালিকা ঠিক করা হবে।
এর আগে, গত রবিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা হয়েছে।