
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে কৌশল পাল্টেছে মাদক কারবারিরা। তাদের টার্গেট গোটা উত্তরাঞ্চল। কড়াকড়ি নজরদারির মধ্যেও সড়কপথে বগুড়ায় ঢুকছে মাদক। চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় আসা মাদকের চালান জব্দ করা হয়। বাসের যাত্রী সেজে কৌশলে ইয়াবা পাচার করা হচ্ছিল। হাতেনাতে গ্রেপ্তার হয় মাদক কারবারি। এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।
গ্রেপ্তার ফরহাদ হোসেন (২৯) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। তিনি সোনাপুর মহল্লার হারেজ আলীর ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে জয়পুরহাট বাসের যাত্রী সেজে ইয়াবা পাচার করছিল মাদক কারবারি। গোপন তথ্যের ভিত্তিতে সড়কপথে অবস্থান নেয় এসআরবি সদস্যরা। বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। বাস তল্লাশি করে মাদক কারবারির হেফাজতে থাকা মাদকদ্রব্য ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।