
বাংলাদেশ পুলিশে বড়সড় রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের মোট ৩১ কর্মকর্তাকে নতুন দায়িত্ব ও কর্মস্থলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর পুলিশ থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ওই পদে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কয়েকজন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।