
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে বগুড়া মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৬ দফা জানিয়েছে গ্রাহক ফোরাম।
মঙ্গলবার দুপুরে শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা অফিসের সামনে বিক্ষোভ করা হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগর ব্যানারে আয়োজিত সমাবেশে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন। একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর গ্রাহক ফোরামের আহ্বায়ক এড. শাহীন মিয়া। সদস্য সচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।