বাংলাদেশ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

16838_IMG_0064.jpeg

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫-৬ জন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন প্রাইভেটকারের আরও এক যাত্রী।

সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসটির ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত


ভিডিও