
এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। জ্বরে আক্রান্ত এই টপ অর্ডার ব্যাটারকে শারীরিক অসুস্থতার কারণে আগামীকাল জাপান থেকে দেশে ফেরানো হবে।
এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল নিয়ে জাপানে গেছে বাংলাদেশ। সেই দলের সঙ্গে ছিলেন শান্তও। তবে জাপানে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছেন তিনি। নাগোয়ার একটি হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ইনফেকশন ধরা পড়ে। শারীরিক দুর্বলতার কারণে খেলার মতো অবস্থায় না থাকায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
শান্তর জায়গায় নতুন ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার বদলি হিসেবে জাপানে যাচ্ছেন শামীম পাটোয়ারী। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাকে পাওয়া যাবে না।
শান্তর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, ‘শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভূত হচ্ছিল। এটা উঠানামা করছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ডেঙ্গু-কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন রয়েছে। শরীর অনেক দুর্বল হওয়ায় খেলা সম্ভব নয় তার, তাই দেশে ফিরে যাচ্ছে।’