
বগুড়ায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শহরদিঘী কৈচড়-গফুর রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। নিহত রাবেয়া বেগম (৪৮) বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, রাবেয়া প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হন। কৈচড়-গফুর রোড সংলগ্ন রেললাইনের দিকে হাঁটছিল। পারাপারের সময় সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ পড়ে থাকতে দেখে ভিড় করে স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।