বাংলাদেশ

চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: মাওলানা আতাউল বারী

17001_ataul-bari-alkaderi-37c169-720x405.jpeg

সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলতে শোনা যায়, চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ।

ভিডিওতে আতাউল বারী বলেন, রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল। রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।

তিনি আরও বলেন, এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ, চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ৭৩ দলের প্রসঙ্গও তোলেন এই বক্তা। তিনি বলেন, হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

বক্তব্যের শেষ দিকে আতাউল বারী বলেন, সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন।

এদিকে আতাউল বারীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বক্তব্যটি নিয়ে হাস্যরসও করছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত।

সর্বাধিক পঠিত


ভিডিও