
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক-জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, বাজার ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা, উন্নয়ন কর্মকান্ডে অনিয়ম ঠেকানোর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ দিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। যুবক ও তরুণ সমাজকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, থানার ওসি কামরুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ইউনুছ আলী, সমাজসেবা অফিসার আল আমিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার প্রমুখ।