
বগুড়ায় পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয় ৯৮ বোতল এস্কাফ ও ৩৩ বোতল ফেয়ারডিল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি) বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, ৫ জনকে গ্রেপ্তার করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাজেদুর রহমান শাহীন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ভাদু (২৯), কলোনী চক-লোকমান মহল্লার ফেরদৌস হোসেন (২৬), মাদক মামলায় বগুড়া সদর উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা শহীদ পাইকার (২৭), গোকুল পশ্চিমপাড়া মহল্লার রোকেয়া বেগম (৪৪), অপহরণ মামলার আসামি সারিয়াকান্দি উপজেলার ইন্দুরমারা-চর এলাকার সাইদুর রহমান (২৫) এবং হত্যা মামলার আসামি শহরের নারুলী খন্দকারপাড়া মহল্লার নাহিন হোসেন নাইম (২৫)। ডিবি পরিচয়ে ছিনতাই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফ চৌধুরী (২৬) গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে এসআরবি। এরআগে, শহরের নারুলী খন্দকারপাড়া, এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়া, গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরীপাড়া ও ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর অভিযান চালানো হয়। এছাড়া, সোমবার রাতে কক্সবাজার কলাতলী রিসোর্ট থেকে ৪ জনকে গ্রেপ্তার করে ডিবি। সারিয়াকান্দি উপজেলা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে এসআরবি।