
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (০৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে সাদিয়া ইসলামদের দল।
সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় তারা। তৃতীয় ম্যাচে আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নিল টাইগ্রেসরা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ।
টসের পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতেই অবশ্য বিপাকে পড়তে হয় তাদের। দলীয় স্কোর মাত্র ৪ রান থাকতেই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ।
প্রাথমিক ধাক্কা সামলে পরে ইনিংস গুছিয়ে নেন বাংলাদেশের ব্যাটাররা। অচেনা ১৭, নিশি ২০ এবং অধিনায়ক সাদিয়ার ২৪ রানের পর শেষদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাদিয়া আক্তার ও ফারজানা। সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ এবং ফারজানা করেন অপরাজিত ২৮ রান। এতে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
পাকিস্তানের বোলারদের মধ্যে রোজিনা ও মাহাম দুটি করে উইকেট নেন। সাহার বানু পান একটি উইকেট।
জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। রাভাইল ফারহান ও কোমল খানের উদ্বোধনী জুটি বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেছিল।
রাভাইল ২৯ বলে ৩২ এবং কোমল ২৯ বলে ৩৬ রান করেন। তবে দলীয় ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরই পাকিস্তানের ইনিংসে বড় পরিবর্তন আসে। এরপর ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
মাঝের ওভারে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ফলে ১৩ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন। নিশিতা আক্তার নিশি ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। আর তিথি দাস অপর্ণা ৮ রান খরচ করে একটি উইকেট তুলে নেন।