
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রুশ হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় এ হামলা চালানো হয় বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিনের অভিযোগ, যাত্রীবাহী বাস লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। তার দাবি, একটি হামলায় যত বেশি বেসামরিক মানুষকে হত্যা করা যায়, সেটিই ছিল রুশ বাহিনীর উদ্দেশ্য। তবে মস্কো এখনো এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউক্রেনের পুলিশ জানিয়েছে, বাস দুটিতে একটি ‘গ্লাইড বোমা’ আঘাত হানে। হামলার পর ঘটনাস্থলের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে একটি বাসের পোড়া ধ্বংসাবশেষ এবং সড়কে পড়ে থাকা মরদেহ দেখা যায়।
ক্রামাতোরস্ক ও পাশের শহর স্লোভিয়ানস্ক ডোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে এসব এলাকায় ড্রোন ও গাইডেড বোমা হামলা বাড়িয়েছে। হামলার পর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কে জননিরাপত্তার কারণে সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রামাতোরস্ক দীর্ঘদিন ধরে ইউক্রেনীয় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে শহরটির পূর্বদিকে রুশ বাহিনী অগ্রসর হওয়ায় সেখানে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে।
এই হামলার এক দিন আগেই ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে একটি পাঁচতলা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু ছিল।
এদিকে রাজধানী কিয়েভেও রুশ হামলা অব্যাহত রয়েছে। মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলায় তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। হামলার কারণে স্কুলের ক্লাস ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন কার্যক্রমেও প্রভাব পড়ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে মিত্রদের কাছ থেকে নতুন প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে পরস্পরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোয় রুশ ড্রোন ও গাইডেড বোমা হামলার পাশাপাশি রাশিয়ার ভেতরেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটছে।