
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে আগ্রাসী বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলেছে টস জিতে আগে ব্যাটিং করতে নামা নাজমুল হোসেন শান্তর দল। প্রথম সেশন শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডে উঠেছে ১৩৪ রান, হারিয়েছে মাত্র একটি উইকেট।
শুক্রবার দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তানজিদ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৪১ বলে তুলে নেন ফিফটি। যদিও দারুণ খেলতে থাকা তামিম সেঞ্চুরি হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রান করে ফিরতে হয়েছে তাকে।
অন্য প্রান্তে সাদমান ইসলাম ছিলেন ধীরস্থির। তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে দারুণ ভারসাম্য রেখেছেন এই বাঁহাতি ওপেনার। ১৮ ওভারেই উদ্বোধনী জুটিতে ১০০ রান পূর্ণ করেন দুজন। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ।
প্রথম সেশনে আর কোনো বিপদ হতে দেননি সাদমান ও মুমিনুল হক। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় সাদমান ৪১ এবং মুমিনুল ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইসমত আলম।