বাংলাদেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

17257_IMG_1171.jpeg

সাধারণ শিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 

তিনি বলেছেন, সরকার শিক্ষার্থীদের জন্য বছরের পর বছর পরীক্ষা নেওয়া অথবা কালক্ষেপণ করার সুযোগ দিবে না। আমরা কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এসএসসির দুই বিষয়ে ফেল করলে পুনরায় পরীক্ষা। অকৃতকার্য হলে নতুনভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্ধারণের ক্ষেত্রে ফলাফল বিবেচনায় নেওয়া হবে।তাদেরকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ব্যবস্থায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণ শিক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে চায় সরকার। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) সরদার কেরামত আলী।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক স্বল্পতা দূর করার পাশাপাশি গ্রামাঞ্চলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ তৈরি এবং পাঠদানে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। 

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএ মহাপরিচালক ড. আব্দুল মজিদ, মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মেজবাহুল হক। 

একইদিন বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বরাদ্দের অপচয় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। বর্তমান বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত


ভিডিও