
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবারের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পার্কটিতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ বা পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
গত মঙ্গলবার সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এ গ্রেপ্তারের প্রতিবাদে দলটি তিরঙ্গা মার্চের ডাক দিয়েছে।
এ ছাড়া, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি কর আসছে সংগঠনটি।
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করায় সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে সিজেপি। শুক্রবার সেখানে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা।
নতুন এই কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে পুলিশ। অপরদিকে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের বিষয়টি বিবেচনায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একেবারে শেষ পর্যায়ে মেট্রোর কথা ভাবা হবে।
একই সঙ্গে পুলিশ জানিয়েছে, তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে পতাকা বহন ও জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ দিতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস