বাংলাদেশ

ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি

17473_IMG_1676.jpeg

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে নির্ধারিত নতুন মজুরি অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন আগামী বছরের জানুয়ারি থেকে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্তে পৌঁছান উভয় পক্ষের প্রতিনিধিরা।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তিনি বলেন, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। তবে শ্রমিকরা জানুয়ারি মাস থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

একই তথ্য নিশ্চিত করেছেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন। তিনিও জানান, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন হারে বেতন দেওয়া হবে।

এর আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

বোর্ডের অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

এই বোর্ড পোশাক খাতের সব পদে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার।

সর্বাধিক পঠিত


ভিডিও