আন্তর্জাতিক

ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের কারণগুলোর একটি: ট্রাম্প

17475_IMG_1682.jpeg

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, ইরান ইস্যুতে নেওয়া পদক্ষেপের গুরুত্বও ভোটাররা বুঝতে পেরেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির পেছনে ইরান ইস্যুর কিছুটা ভূমিকা রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে তার নেওয়া পদক্ষেপকে মানুষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টি এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট অনুষ্ঠিত হয়। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।

নির্বাচনের এই ফলাফলে কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা তার কাছে বিভিন্ন আইন প্রস্তাব পাঠাবে, যেগুলো তার পছন্দ না হলে তিনি ভেটো দেবেন। কয়েক মাস এভাবে চলার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অর্থনৈতিক নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিভিন্ন জনমত জরিপেও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

এবারের নির্বাচনে কানসাস, ওহাইও, টেক্সাস ও সাউথ ক্যারোলিনার মতো অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয় বিশেষভাবে আলোচনায় এসেছে। কানসাসে প্রায় এক শতাব্দী পর একজন ডেমোক্র্যাট খ্রিস্টান ধর্মযাজক অ্যাডাম হ্যামিলটন সিনেটর নির্বাচিত হয়েছেন। ওহাইওতে শেরড ব্রাউন এবং টেক্সাসে জেমস তালারিকো রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন। সাউথ ক্যারোলিনায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস।

নির্বাচনের আগে ট্রাম্প এসব অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালান। দুই ডজনের বেশি জনসভায় অংশ নিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ব্যালট পেপারে তার নামও রয়েছে—এমনটি মনে করে ভোট দিতে।

তবে নির্বাচনে দলের পরাজয় স্পষ্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ব্যালটে তার নাম ছিল না। থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জয় পেতেন বলেও দাবি করেন তিনি।

সর্বাধিক পঠিত


ভিডিও