
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে একটি সামরিক ঘাঁটির কাছে আকাশে রহস্যময় জেলিফিশ আকৃতির উড়ন্ত বস্তু দেখা গেছে। আকাশে কয়েক মিনিট ভেসে থাকার পর বস্তুটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় সারাহ জেন অসবর্ন নামের এক নারী আকাশে রংধনুর ছবি তুলছিলেন। হঠাৎ দূরের গাছের ওপর দিয়ে একটি কালো আকৃতির বস্তু উপরে উঠতে দেখে প্রথমে তিনি সেটিকে ক্যামেরার সামনে থাকা কোনো পোকা বলে মনে করেছিলেন। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে বুঝতে পারেন, বস্তুটি আসলে অনেক বড়।
তিনি সঙ্গে থাকা স্বামী পিটকে বিষয়টি দেখান এবং দ্রুত ছবি ও ভিডিও ধারণ শুরু করেন। সারাহর বর্ণনা অনুযায়ী, বস্তুটির নিচের দিকে কয়েকটি ঝুলন্ত অংশ ছিল, যেগুলো একে অপরের থেকে স্বাধীনভাবে নড়াচড়া করছিল। আকাশে স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি এটি পাশের দিকে ঘুরছিল বলেও জানান তিনি।
সারাহর ধারণা, বস্তুটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের (জেবিইআর) কাছাকাছি আকাশে দেখা গিয়েছিল। এই সামরিক ঘাঁটিতে এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রায় তিন মিনিট ধরে বস্তুটি আকাশে দৃশ্যমান ছিল। এরপর হঠাৎ করেই সেটি অদৃশ্য হয়ে যায়। কাছাকাছি একটি ছোট বিমানও দেখতে পান ওই দম্পতি। তবে তাদের কাছে বিমানটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় বলে মনে হয়েছিল। পরে আশপাশে খোঁজ করেও কোনো ঘুড়ি, সেটি নিয়ন্ত্রণকারী ব্যক্তি কিংবা বস্তুটির সম্ভাব্য উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাননি তারা।
ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সারাহ বলেন, বস্তুটি আসলে কী ছিল, তা কেবল ঈশ্বর ও সরকারই জানেন।
এদিকে, এ ধরনের জেলিফিশ আকৃতির ইউএফও দেখার ঘটনা নতুন নয়। ১৯৮৯ সালেও যুক্তরাজ্যের উইল্টশায়ার ও গ্লুচেস্টারশায়ার এলাকায় একই ধরনের রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি করেছিলেন অনেকে। সে সময় সুইন্ডন স্টার পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে স্ট্রাউডের কাছে এ-৪৬ সড়কে গাড়িচালকরা বস্তুটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, বস্তুটি একটি হেলিকপ্টারের চেয়েও বড় এবং বিমানের তুলনায় অনেক বেশি আলোযুক্ত ছিল। অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করছিল সেটি।
তবে ১৯৮৯ সালের ওই ঘটনার কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি। সে সময় সংবাদপত্রে বস্তুটির একটি শিল্পীর আঁকা চিত্র প্রকাশ করা হয়েছিল।
আলাস্কার সাম্প্রতিক ঘটনাটির ভিডিও ও ছবি নতুন করে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে মানুষের আগ্রহ বাড়িয়েছে। তবে বস্তুটির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।