
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাংগীর আলমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত ফোন দুটি জব্দ করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। তার ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন রেঞ্জের কয়েকজন কর্মকর্তা। তবে এ বিষয়ে ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর জাহাংগীর আলমকে ডেকে নেওয়া হয়। তার মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন দুটি জব্দ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।