
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।
টকশোতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’
নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, কতদিন বাঁচবেন তা তিনি জানেন না। তবে আল্লাহর ওপর তার বিশ্বাস রয়েছে এবং তিনি সুস্থ হয়ে বেঁচে থাকবেন বলে আশা করেন।
নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন উল্লেখ করে শামীম ওসমান তাদের এমন প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান। এ সময় অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
টকশোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি, পকেট কমিটি এবং দলীয় বিভাজনের কারণে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে দলের ভেতরে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে যেতে পারবেন। অন্যথায় এ সুযোগ না পাওয়ার আফসোস থেকে যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে তিনি দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেন। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং এসব মামলার বিচারপ্রক্রিয়া চলছে।