লন্ডন

বড়দিনের আগে উচ্ছেদের শঙ্কায় লন্ডনের বাসিন্দারা, বাড়ি ছাড়ার নির্দেশ ঘিরে তীব্র ক্ষোভ!

17545_SEI_321779225-59e6.jpg

বড়দিনের মাত্র কয়েক দিন আগে গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন উত্তর-পশ্চিম লন্ডনের একটি আবাসিক ভবনের প্রায় ৩০০ বাসিন্দা। ইলিংয়ের নর্থ অ্যাক্টনে অবস্থিত ‘দ্য কালেকটিভ’ নামের আবাসিক ভবনের বাসিন্দাদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মালিকপক্ষ। মাত্র এক মাসের নোটিশে এমন সিদ্ধান্তকে অমানবিক ও ‘স্ক্রুজের মতো আচরণ’ বলে আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

ভবনটির মালিক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন প্রপার্টিজ লিজিং পিটিই লিমিটেডের দাবি, ভবনটিতে জরুরি সংস্কার ও নিরাপত্তাসংক্রান্ত কাজ করতে হবে। এসব কাজ বাসিন্দাদের অবস্থানকালে সম্পন্ন করা সম্ভব নয়। তাই আগামী ৯ ডিসেম্বর থেকে ভবনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটির একটি কক্ষের মাসিক ভাড়া গড়ে প্রায় ১ হাজার ৩০০ পাউন্ড।

তবে এ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভবনটির নিরাপত্তা ও সংস্কারকাজের বিষয়ে নির্দেশনা দেওয়া বিল্ডিং সেফটি রেগুলেটর (বিএসআর) জানিয়েছে, সংস্কারকাজের জন্য বাসিন্দাদের ভবন ছেড়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বাসিন্দাদের করা তথ্য অধিকার আইনের আবেদনের মাধ্যমে পাওয়া বিএসআরের বক্তব্য এবং ইলিং কাউন্সিলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, অল্প সময়ের নোটিশে নতুন বাসা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বড়দিন ও নতুন বছরের ছুটির আগে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। অনেকের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে বাসা না পেলে তাদের গৃহহীন হতে হবে।

বাসিন্দা ওসমান বেগ বলেন, পরিস্থিতি অত্যন্ত মানসিক চাপের সৃষ্টি করেছে। ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি। এত অল্প সময়ের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বা পরিষ্কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কর্মজীবনের পাশাপাশি নতুন বাসা খোঁজার এই চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ভবনের বাসিন্দাদের প্রতিনিধি ক্লোয়ি ডু বলেন, তিনি বাসিন্দাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করলেও ভবন পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না। পরিস্থিতির অনিশ্চয়তার কারণে তাকেও বিকল্প বাসা খুঁজতে হচ্ছে। বাসিন্দাদের সঙ্গে অত্যন্ত অন্যায্য আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক ব্রেট ওয়েব বলেন, তিনি ভবনটিতে বসবাস করতে পছন্দ করেন। কিন্তু যেভাবে বাসিন্দাদের সঙ্গে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য এক বাসিন্দা, যিনি অর্থ খাতে কাজ করেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, বড়দিনের আগে এভাবে বাসিন্দাদের উচ্ছেদের মুখে ফেলা যেন স্ক্রুজের মতো নিষ্ঠুর আচরণ।

প্রায় ১০ বছর আগে চালু হওয়া ভবনটিতে সনা, রেস্তোরাঁ এবং যৌথ ব্যবহারের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে ভবন বন্ধের সিদ্ধান্ত তাদের জীবনযাত্রায় চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে চলতি মাসের শুরুতে ভবনটিতে বসবাসকারী এক পেনশনভোগী ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কয়েকজন বাসিন্দার দাবি, মৃত্যুর আগে ওই ব্যক্তি বাসা ছাড়ার নির্দেশ নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সঙ্গে উচ্ছেদের নির্দেশের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

বাসিন্দাদের অভিযোগ, ভবনটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ভার্ভলাইফ তাদের পর্যাপ্ত সহযোগিতা ও তথ্য দিচ্ছে না। এ বিষয়ে বাসিন্দা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হলেও সেখানে তাদের মূল উদ্বেগের বিষয়ে স্পষ্ট কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

এলাকাটির কাউন্সিলর মারিজন ভ্যান ডে গিয়ার এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মুনাফাকে মানুষের কল্যাণের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একটি ব্যবস্থার শিকার হয়েছেন ভবনটির বাসিন্দারা। বাসিন্দাদের ওপর এ সিদ্ধান্তের গুরুতর মানসিক প্রভাব পড়েছে। তাদের আবাসন অধিকার নিশ্চিত করতে কাউন্সিলের কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তা ও আইনি পরামর্শের ব্যবস্থার জন্যও তিনি উদ্যোগ নিয়েছেন।

কাউন্সিলর আরও বলেন, ভবনটির অনিরাপদ অবস্থা নিয়ে বিএসআরের উদ্বেগ যথার্থ। কিন্তু সেই নির্দেশনাকে ব্যবহার করে সব বাসিন্দাকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাসিন্দাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

ইলিং কাউন্সিল জানিয়েছে, লন্ডন প্রপার্টিজ পিটিই লিমিটেড এবং লন্ডন প্রপার্টিজ লিজিং লিমিটেডের বিরুদ্ধে বেআইনিভাবে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে। কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের আইনসম্মতভাবে বাড়ির দখল পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে তাদের টেন্যান্সি রিলেশনস টিম। তবে কোনো বাড়ির মালিক আইন না মেনে ভাড়াটিয়াদের উচ্ছেদ বা হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ভবনটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভার্ভলাইফের এক মুখপাত্র জানিয়েছেন, মালিকপক্ষ ৯ ডিসেম্বর থেকে ভবনটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। বিকল্প আবাসনের ব্যবস্থা খুঁজতে স্থানীয় লেটিং এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাসিন্দাদের জন্য একটি উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়েছে এবং ৯ ডিসেম্বরের আগে প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে। প্রয়াত বাসিন্দার পরিবার ও স্বজনদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

ভবনটির মালিক প্রতিষ্ঠান লন্ডন প্রপার্টিজ লিজিং পিটিই এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির বিল্ডিং অ্যাসেসমেন্ট সার্টিফিকেটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসআর বেশ কয়েকটি কমপ্লায়েন্স নোটিশ জারি করেছে। এসব নোটিশে ব্যাপক সংস্কারকাজের পরিকল্পনা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশনা রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, সংস্কারকাজের জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। নির্ধারিত সময়ের মধ্যে বিএসআরের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নতুন কোনো মালিকের কাছে ভবনটি বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে ভবনটি বন্ধ করা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই বলে দাবি করেছে মালিকপক্ষ।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবনটির তাৎক্ষণিক নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কথা তারা জানে না। একই সঙ্গে বাসিন্দাদের প্রতি তাদের আইনি দায়িত্ব ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করেছে।

সব মিলিয়ে, ভবনটির নিরাপত্তা ও সংস্কারকাজ নিয়ে মালিকপক্ষের দাবি, বিএসআরের অবস্থান এবং কাউন্সিলের চলমান তদন্তের মধ্যে অনিশ্চয়তায় রয়েছেন প্রায় ৩০০ বাসিন্দা। বড়দিনের আগে তাদের আবাসন সংকটের কোনো কার্যকর সমাধান আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত


ভিডিও