
যুক্তরাজ্যে শীতকালীন বিদ্যুৎ বিলের চাপ কমাতে যোগ্য পরিবারগুলোকে ১৫০ পাউন্ড ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ সালের শীত মৌসুমে সরকারের ‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’ (Warm Home Discount) কর্মসূচির আওতায় এককালীন এ সুবিধা পাবেন যোগ্য গ্রাহকরা। তবে অধিকাংশ পরিবার স্বয়ংক্রিয়ভাবে এই ছাড় পেলেও কিছু পরিবারকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে, অন্যথায় তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
সরকারি তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৬ সালের অক্টোবরের শেষ থেকে ২০২৭ সালের জানুয়ারির শুরুর মধ্যে যোগ্য পরিবারগুলোর কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে। যেসব পরিবার স্বয়ংক্রিয়ভাবে ছাড় পাওয়ার যোগ্য, তাদের চিঠিতে জানানো হবে যে আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে গ্রাহকের বিদ্যুৎ বিলে ১৫০ পাউন্ড ছাড় সমন্বয় করবে।
তবে কিছু পরিবারের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করতে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হতে পারে। এ ধরনের পরিবারকে ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্ম হোম ডিসকাউন্ট হেল্পলাইনে ০৮০০ ০৩০ ৯৩২২ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অন্যদিকে, কেউ যোগ্য হওয়া সত্ত্বেও ২০২৭ সালের জানুয়ারির শুরুর মধ্যে কোনো চিঠি না পেলে তাকেও নির্ধারিত সময়ের আগেই হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসে এই ছাড় পাওয়ার জন্য ২০২৬ সালের ২৩ আগস্ট তিনটি শর্ত পূরণ করতে হবে। ওই তারিখে পরিবারের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে সরকারের অনুমোদিত তালিকাভুক্ত হতে হবে, গ্রাহক অথবা তাঁর সঙ্গীকে নির্ধারিত কোনো সরকারি ভাতা পেতে হবে এবং বিদ্যুৎ বিলের নামের সঙ্গে তাঁদের একজনের নাম থাকতে হবে।
যোগ্য ভাতার মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট, হাউজিং বেনিফিট, ইনকাম-রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স (ESA) এবং পেনশন ক্রেডিট। ব্রিটিশ গ্যাস, ইডিএফ, ই.অন নেক্সট, অক্টোপাস এনার্জি, ওভো, স্কটিশপাওয়ার, সো এনার্জি, ইউটিলিটা ও ইউটিলিটি ওয়্যারহাউসসহ বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এ কর্মসূচির আওতাভুক্ত। তবে গ্রাহকদের নিজেদের সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করে নেওয়া প্রয়োজন।
প্রি-পেমেন্ট বা পে-অ্যাজ-ইউ-গো মিটার ব্যবহারকারীরাও এই ছাড় পেতে পারেন। সে ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ভিন্ন পদ্ধতিতে সুবিধাটি দেবে, যেমন টপ-আপ ভাউচারের মাধ্যমে।
সরকার জানিয়েছে, এই ১৫০ পাউন্ডের ছাড় পাওয়ার ফলে শীতকালীন আবহাওয়াজনিত ভাতা (Cold Weather Payment) কিংবা শীতকালীন জ্বালানি ভাতা (Winter Fuel Payment) পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
তবে স্কটল্যান্ডে এ কর্মসূচির নিয়ম কিছুটা আলাদা। সেখানে কিছু গ্রাহককে সরাসরি তাঁদের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হতে পারে। অন্যদিকে, উত্তর আয়ারল্যান্ডে এই কর্মসূচি কার্যকর নয়।
ওয়ার্ম হোম ডিসকাউন্ট সংক্রান্ত হেল্পলাইন সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।