যুক্তরাজ্য

Mirror
২৪ নভেম্বর ২০২৬, ১৮:১১
আরও খবর

যুক্তরাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, ১৫টি বন্যা সতর্কতা জারি!

17547_Screenshot 2026-11-24 at 6.03.44 pm.jpeg

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরিবেশ সংস্থা (Environment Agency) ১৫টি বন্যা সতর্কতা জারি করেছে। পাশাপাশি ওয়েলসেও দুটি বন্যা সতর্কতা এবং একটি অপেক্ষাকৃত উচ্চমাত্রার বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সবচেয়ে বেশি। বিশেষ করে কর্নওয়াল ও আইলস অব সিলি এলাকায় মঙ্গলবার ভারী বৃষ্টির একটি বলয় দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এসব এলাকায় বিস্তৃতভাবে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম কর্নওয়ালের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৬০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এর আগে রোববারও এসব এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছিল।

পরিবেশ সংস্থা জানিয়েছে, অতিবৃষ্টির কারণে নিচু এলাকা, নদীর আশপাশের সড়ক এবং উপকূলীয় অঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ডেভন ও ডরসেট এলাকায় বৃষ্টির কারণে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের যাত্রার আগে সড়কের অবস্থা এবং বাস ও ট্রেনের সময়সূচি যাচাই করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় সড়ক, হাঁটার পথ ও গাড়ি পার্কিংয়ের স্থান প্লাবিত হতে পারে। তাই এসব এলাকা এড়িয়ে চলার পাশাপাশি বন্যার পানিতে হাঁটা, সাইকেল চালানো কিংবা গাড়ি নিয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ বন্যার পানিতে খোলা ম্যানহোল, পয়োনিষ্কাশনের বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের মতো বিপজ্জনক উপাদান থাকতে পারে।

ইংল্যান্ডে জারি করা ১৫টি বন্যা সতর্কতার আওতায় রয়েছে হেলফোর্ড ও ফাল নদী এলাকা, নরফোকের হানস্ট্যান্টন উপকূল, মিডল টামার নদী, উত্তর কর্নওয়ালের নদী অঞ্চল, পূর্ব ইয়র্কশায়ারের ব্রিডলিংটন সংলগ্ন উত্তর সাগর উপকূল, কোবার নদী, ফোয়ে নদী, লিনহার নদী, প্লাইম নদী ও টরি ব্রুক, ইয়েলম নদী, স্টার্ট পয়েন্ট থেকে ডাউলিশ ওয়ারেন পর্যন্ত দক্ষিণ ডেভন উপকূল, সেন্ট অস্টেল ও পার নদী এলাকা, বুরে, অ্যান্ট ও থার্ন নদীর জোয়ারপ্রবণ অঞ্চল, আপার টামার নদী এবং পশ্চিম কর্নওয়ালের নদী অঞ্চল।

অন্যদিকে, ওয়েলসে মেরলিনস ব্রুক ও হ্যাভারফোর্ডওয়েস্ট, ওয়েস্টার্ন ক্লেডাউ এবং পেমব্রোকশায়ার উপকূল এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির পর যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শীত আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল থেকে আসা শীতল বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কিছু এলাকায় তুষারপাত ও শীতকালীন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বন্যার ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও পরিবেশ সংস্থার নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও