যুক্তরাজ্য

Guardian
২৫ নভেম্বর ২০২৬, ১২:১১
আরও খবর

জানুয়ারি থেকে যুক্তরাজ্যে জ্বালানি বিল বাড়ছে ২৬ শতাংশ, বছরে গুনতে হবে ২ হাজার ১৬৬ পাউন্ড

17549_Screenshot 2026-11-25 at 12.41.02 pm.jpeg

যুক্তরাজ্যের লাখ লাখ পরিবারের জন্য নতুন বছরের শুরুতেই বাড়ছে জ্বালানি ব্যয়ের চাপ। আগামী জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুতের দাম ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম। এতে একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল বেড়ে দাঁড়াবে গড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে। ২০২৩ সালের শুরুর পর এই প্রথম দেশটিতে জ্বালানি বিল আবারও ২ হাজার পাউন্ডের সীমা ছাড়াচ্ছে।

অফজেম জানিয়েছে, জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন মূল্যসীমার আওতায় গ্রেট ব্রিটেনের প্রায় ২ কোটি ২০ লাখ পরিবার পড়বে। বর্তমানে প্রতি তিন মাসের জন্য নির্ধারিত মূল্যসীমা অনুযায়ী একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি ব্যয়ের হিসাব ১ হাজার ৭২৩ পাউন্ড। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে পৌঁছাবে। অর্থাৎ বছরে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড ব্যয় করতে হবে পরিবারগুলোকে।

চলতি বছরের জুলাইয়ে জ্বালানি বিল ১৩ শতাংশ এবং অক্টোবরে আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। জানুয়ারির এই নতুন বৃদ্ধির ফলে টানা তৃতীয় প্রান্তিকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগের তুলনায় একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি ব্যয় প্রায় ৬০০ পাউন্ড বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে যেসব পরিবার নির্দিষ্ট মেয়াদের স্থির মূল্যভিত্তিক জ্বালানি চুক্তির আওতায় রয়েছে, তাদের প্রায় এক-তৃতীয়াংশ আপাতত এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব থেকে মুক্ত থাকবে। উল্লেখ্য, অফজেমের নির্ধারিত মূল্যসীমা জ্বালানির প্রতি ইউনিটের সর্বোচ্চ দাম নিয়ন্ত্রণ করে, মোট বিলের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে না। ফলে কোনো পরিবার বেশি জ্বালানি ব্যবহার করলে তাদের বিল আরও বেশি হতে পারে।

জ্বালানির দাম বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী মিয়াট্টা ফানবুলে। তিনি বলেন, জ্বালানি বিলের আরেক দফা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরে বিদেশের সংঘাত এবং জীবাশ্ম জ্বালানির অস্থির বাজার পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে ব্রিটিশ পরিবারগুলোকে।

বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে সরকার আগামী জানুয়ারিতে এককালীন ১০০ পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্সের এ থেকে ডি ব্যান্ডের আওতাভুক্ত প্রায় ২ কোটি পরিবারের জন্য এ সহায়তা প্রযোজ্য হবে। এর পাশাপাশি শীতকালীন জ্বালানি ব্যয়ে সহায়তার জন্য বিদ্যমান ওয়ার্ম হোম ডিসকাউন্ট কর্মসূচির আওতায় যোগ্য প্রায় ৬০ লাখ পরিবার ১৫০ পাউন্ড করে ছাড় পাবে।

তবে সরকারের এই সহায়তা জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইটের পূর্বাভাস অনুযায়ী, আগামী এপ্রিলে জ্বালানির মূল্যসীমা সামান্য কমতে পারে। তবে কমার হার মাত্র ১ শতাংশের মতো হতে পারে, যা সাধারণ পরিবারের ব্যয়ে উল্লেখযোগ্য কোনো স্বস্তি আনবে না।

প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ক্রেইগ লোরি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে ২০২৭ সালের শেষ পর্যন্ত একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল প্রায় ২ হাজার পাউন্ডের কাছাকাছি থাকতে পারে। হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে আগামী কয়েক মাসে জ্বালানির দামের পূর্বাভাসে আরও পরিবর্তন আসতে পারে।

ইউরোপের আন্তর্জাতিক গ্যাস বাজারেও এর প্রভাব পড়েছে। সরবরাহ সংকটের কারণে ইউরোপের প্রধান গ্যাস বাজারে দাম প্রায় তিন গুণ বেড়েছে। শীত মৌসুম শুরুর সময় ইউরোপের গ্যাস মজুতও ছিল তুলনামূলকভাবে অনেক কম। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস রপ্তানি ব্যাহত হলে শীতের শেষ দিকে মজুত আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে জ্বালানি ব্যয় কমাতে সরকার গত এক বছরে বিদ্যুৎ বিলের কিছু অতিরিক্ত শুল্ক সাধারণ কর ব্যবস্থায় স্থানান্তর করেছে। এর ফলে একটি সাধারণ পরিবারের বছরে প্রায় ১৫০ পাউন্ড পর্যন্ত ব্যয় কমেছে। পাশাপাশি আগামী বছরের জুলাই পর্যন্ত ২ কোটি ৯০ লাখ পরিবারের বিদ্যুৎ বিলের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বছরে আরও প্রায় ৫০ পাউন্ড সাশ্রয় হতে পারে।

পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থের জলবায়ু বিষয়ক প্রচারক ড্যানি গ্রস সরকারের প্রতি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, দেশীয় উৎস থেকে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন বাড়ানো গেলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে ব্রিটিশ পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ জ্বালানি শুল্ক চালু এবং বিদ্যুৎ বিলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক সাধারণ কর ব্যবস্থায় স্থানান্তরেরও দাবি জানিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও