
রাজধানীতে এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ মামলা করা হয়। এর আগে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম মামলার আবেদন করেন। আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করে গুলশান থানার ওসিকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে। এরপর মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ ছুড়ে ফেলে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন শিকার হন।