সংস্কৃতি ও বিনোদন

‘জুরাসিক পার্ক’ ও ‘পিকি ব্লাইন্ডার্স’-খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

16026_IMG_7558.jpeg

বিশ্বখ্যাত নিউজিল্যান্ডের অভিনেতা স্যার স্যাম নিল, যিনি Jurassic Park, The Piano এবং জনপ্রিয় টিভি সিরিজ Peaky Blinders-এ অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন, ৭৮ বছর বয়সে মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) তাঁর পরিবার এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পরিবারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। তাঁর মৃত্যু ছিল “হঠাৎ এবং অপ্রত্যাশিত”। তবে পরিবার জানিয়েছে, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অসাধারণ সাহস ও মর্যাদার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছেন।

২০২২ সালে স্যাম নিলের শরীরে বিরল ধরনের রক্তের ক্যান্সার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়ে। ২০২৩ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী Did I Ever Tell You This?-এ তিনি নিজের অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন। পরে একটি সফল জিন-ভিত্তিক চিকিৎসা ও ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে তিনি ক্যান্সারমুক্ত হওয়ার সুখবরও দিয়েছিলেন।

১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন স্যাম নিল। শৈশবে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। ১৯৭০-এর দশকে অভিনয় জীবন শুরু করে পাঁচ দশকেরও বেশি সময়ে তিনি ১৫০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেন। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত Jurassic Park চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এছাড়া The Piano, The Hunt for Red October, Dead Calm, Event Horizon এবং Hunt for the Wilderpeople চলচ্চিত্রেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। টেলিভিশনে Peaky Blinders, The TudorsMerlin-এও তিনি স্মরণীয় অভিনয় উপহার দেন।

অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজের আঙুরের বাগান ও ওয়াইনারি পরিচালনা করতেন স্যাম নিল। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে নাইট উপাধিতে ভূষিত করা হয়।

স্যাম নিলের মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের রাজনৈতিক নেতা, সহকর্মী শিল্পী এবং বিশ্বের অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরিবার জানিয়েছে, পরবর্তী সময়ে শেষকৃত্য সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও