
অভিনয়ের বাইরে নতুন এক পেশাগত অধ্যায়ে পা রেখেছেন অভিনেতা হাসান মাসুদ। একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে; তাহলে কি ধীরে ধীরে পর্দার কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই অভিনেতা?
হাসান মাসুদের পরিচয়ের পরিধি শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতাও করেছেন তিনি। পরে ক্যামেরার সামনে এসে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর নাটকেও নিয়মিত হয়ে ওঠেন তিনি।
দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দর্শকের সামনে এসেছেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।
তবে, সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তার উপস্থিতি আগের তুলনায় কমেছে। এর মধ্যে কিছুদিন আগে অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে আলোচনাও তৈরি হয়। তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথেই মনোযোগী হবেন। বিষয়টি নিয়ে আলোচনা বাড়লে পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। জানান, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি; ভালো কনটেন্ট পান না বলেই নিয়মিত কাজ করেন না।
এদিকে নতুন খবর হলো, একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এই অভিনেতা। সেখানে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হয়। প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান মাসুদ। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।
হাসান মাসুদের নতুন কর্মজীবনের খবর সামনে আসার পর তার ভক্তদের একাংশের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন এই অধ্যায় কি অভিনয় থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত? বিশেষ করে দীর্ঘদিন নিয়মিত অভিনয়ে না থাকা এবং সম্প্রতি কাজ কমিয়ে দেওয়ার বিষয়টি সামনে থাকায় সেই কৌতূহল আরো বেড়েছে।
এর আগে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায় তাকে। ফলে অভিনয় থেকে পুরোপুরি বিদায় নেওয়ার চেয়ে আপাতত নিজের কাজের পরিসর বদলে নেওয়ার বিষয়টিই সামনে এসেছে।
নতুন দায়িত্বের পাশাপাশি পর্দায় হাসান মাসুদকে আবার কবে দেখা যাবে, সেটিই এখন তার দর্শকদের আগ্রহের জায়গা। অভিনয়কে তিনি পুরোপুরি বিদায় জানাচ্ছেন; এমন কোনো তথ্য নেই। বরং তার নতুন পেশাগত ব্যস্ততার মধ্যেও অভিনয়ের দরজা খোলা রাখছেন কি না, সেই উত্তর মিলবে তার পরবর্তী কাজেই।