
বিএনপি গণভোট মানে না বলে মন্তব্য করেছেন দলটির নীলফামারীর এক স্থানীয় নেতা। তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ-না ভোট বা গণভোট বিএনপি মানে না’।
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কাজলের এই মন্তব্য বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নীলফামারীসহ রংপুর বিভাগে বিএনপির পরাজয় সুপরিকল্পিত। বিএনপির প্রচুর ভোট থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাদের হারানো হয়েছে। তবে আমাদেরও কিছু দুর্বলতা ছিল।
ডোমার-ডিমলা আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, তুহিন সাহেবের বিপরীতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যার ফলে নীলফামারী বিএনপির এমন অবস্থা।
কাজল আরো বলেন, যেখানে আমাদের আসনের একটি ওয়ার্ডে জামায়াত আগে ৩০-৪০টি ভোট পেত, সেখানে এবার ১২০০-১৩০০ ভোট পেয়েছে। এর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। তিনি অভিযোগ করে বলেন, ২-৩ দিন আগে আমাদের বিএনপির কয়েকজন কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। বৃহত্তর রংপুরে এই পরাজয় মেনে নেব না। আমরা নির্বাচন কমিশনসহ সারা দেশের মানুষের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে কঠোর সমালোচনা করে তিনি বলেন, একাত্তরে পরাজিত শক্তি কীভাবে রাষ্ট্রক্ষমতায় আসার চিন্তা করে, তা দেশের মানুষ মেনে নেবে না। একই সঙ্গে তিনি জানান, বিএনপি হ্যাঁ-না ভোট মানে না এবং এ বিষয়ে সারাদেশ থেকে আন্দোলনের হুমকি আসছে। আমরা এই আন্দোলন মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম কালু সাংবাদিকদের বলেন, ভিডিওটি দেখিনি। দেখে পরে জানাব। পরে বিএনপি গণভোটের বিপক্ষে কি-না এমন প্রশ্ন করা হলে তিনি কল কেটে দেন।